Politics

West Bengal Assembly Election 2026: নন্দীগ্রামের লড়াই আবার ভবানীপুরে! মমতা বনাম শুভেন্দু লড়াই নিয়ে কী বললেন তৃণমূল সুপ্রিমো?

গতকাল বিকেলে দলীয় সাংবাদিক বৈঠকে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলপ্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই নাম ঘোষণা করা হয়। এরপর থেকে শুরু হয়েছে জোর চর্চা, কী হতে চলেছে এই কেন্দ্রের ভবিষ্যৎ? কারণ, ২১-এর নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী।

West Bengal Assembly Election 2026: একুশের নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইট এবার চলে এসেছে ভবানীপুরে, মমতা বনাম শুভেন্দুর লড়াইয়ে শেষ হাসি কে হাসবে?

হাইলাইটস:

  • ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী
  • সেই বারের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী
  • এবার সেই প্রেস্টিজ ফাইট স্থানান্তরিত হয়ে চলে এসেছে ভবানীপুর কেন্দ্রে, কী হতে চলেছে মমতা বনাম শুভেন্দু লড়াইয়ের ভবিষ্যত?

West Bengal Assembly Election 2026: ভবানীপুর কেন্দ্র নিয়ে এখন চর্চা তুঙ্গে। গতবার যেমন নন্দীগ্রাম আসন নিয়ে ছিল। এবার সেই প্রেস্টিজ ফাইট স্থানান্তরিত হয়ে চলে এসেছে ভবানীপুরে। কারণ সোমবার এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর মঙ্গলবার প্রত্যাশা মতোই এই আসনে তৃণমূলপ্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হল (Mamata vs Suvendu)। আগেই এই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই মতো গতকাল বিকেলে দলীয় সাংবাদিক বৈঠকে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলপ্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই নাম ঘোষণা করা হয়। এরপর থেকে শুরু হয়েছে জোর চর্চা, কী হতে চলেছে এই কেন্দ্রের ভবিষ্যৎ? কারণ, ২১-এর নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কার পাল্লা ভারী?

We’re now on WhatsApp – Click to join

এমন পরিস্থিতিতে তালিকা ঘোষণার পর ভবানীপুর কেন্দ্র নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “দয়া করে এটা নিয়ে আর প্রশ্ন করবেন না। অভিষেক প্রার্থীর তালিকা পড়ে দিয়েছে। আমাদের পার্টির পক্ষ থেকে আমি দাঁড়াচ্ছি। মানুষের প্রতি আমার বিশ্বাস রয়েছে। ৩৬৫ দিন আমি কাজ করি। দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো থেকে শুরু করে, ইদ থেকে শুরু করে, গুরুদোয়ারা থেকে শুরু করে আমি সমস্ত দায়িত্ব পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়। আমি ৩৬৫ দিন মানুষের সাথে থাকি। কাজেই এটা নিয়ে প্রশ্ন না করাটাই ভালো।”

Read more:- ব্যারাকপুরে রাজ, করিমপুরে সোহম, বেলেঘাটায় কামব্যাক কুণালের, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

২০২১-এর নির্বাচনে নন্দীগ্রামের লড়াই কি এবার ভবানীপুরে ফিরছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার পরই এই নিয়ে চর্চা শুরু হয়েছিল। একইসঙ্গে নন্দীগ্রামেও বিজেপি-র প্রার্থী হয়েছেন শুভেন্দু। ৫ বছর পর আবারও সেই মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। ২৬-এর ‘কুরুক্ষেত্র’ ভবানীপুর। ভবানীপুর কেন্দ্রের বর্তমান বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এবার বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপির প্রথম প্রার্থী তালিকাতেই ভবানীপুর ও নন্দীগ্রাম দুটি আসনেই প্রার্থী হিসাবে নাম রয়েছে তাঁর। এ বিষয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসন পরিবর্তন না করেন। এখন মমতাদির শুভেন্দু ভয় লেগে গেছে। তিনি হয়তো আসনটাই বদলে ফেলতে পারেন দেখুন।” অন্যদিকে, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক পাল্টা বলেন, “এই যে শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে দাঁড় করিয়েছে, এরজন্য বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর কাছে আমি কৃতজ্ঞ থাকব। আগেই শমীক ভট্টাচার্য একটা সভায় বলছিলেন যে, শুভেন্দুবাবু এত বেশি পুরনো কথা বলবেন না। সকলেই জানে লোডশেডিংয়ে জেতা একটা লোক, লোডশেডিং করে খালি বলতেন, আমি মমতাকে হারিয়েছি। তার মানে যাতে পুরনো কথা আর বেশি বলতে না পারেন তার জন্য শমীক ভট্টাচার্য ওঁকে ভবানীপুর আসনে দাঁড় করিয়েছে। যাতে এই একই কথা তিনি জীবনে আর না বলতে পারেন। যাতে শুভেন্দু অধিকারীকে লোকের মুখে শুনতে হয় যে আপনি ভবানীপুরে ১ লক্ষ্যের বেশি ভোটে হেরেছেন। শমীক ভট্টাচার্য এই ব্যবস্থাটা করে দিয়েছেন বলে তাঁর কাছে আমি কৃতজ্ঞ থাকব।”

রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ খবর পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button