Bigg Boss Bangla: ইডেনে বিগ বস বাংলার জমকালো উদ্বোধন! পর্দায় কবে থেকে দেখা যাবে বিগ বস বাংলায় সৌরভকে? আর প্রতিযোগী কারা থাকছেন?
'বিগ বস' বাংলার সঞ্চালক রূপে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই, এই খবর চাউর হওয়ার পর থেকেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে। এই নিয়ে ছড়াচ্ছে নানা জল্পনা এবং গুঞ্জনও।
Bigg Boss Bangla: এবার নতুন মোড়কে সঞ্চালক রূপে সৌরভ গঙ্গোপাধ্যায়! কবে থেকে শুরু হচ্ছে এই অনুষ্ঠান? প্রতিযোগী কারা?
হাইলাইটস:
- ‘বিগ বস’-র সঞ্চালক রূপে থাকবেন মহারাজ
- কবে থেকে পর্দায় আসবে ‘বিগ বস’ বাংলা?
- এই সিজনে প্রতিযোগী হিসাবে কারা থাকবে?
Bigg Boss Bangla: টেলি দুনিয়ার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ বরাবরই তুঙ্গে থাকে। প্রতিটা সিজনেই দর্শকদের জন্য যেমন থাকে চমক, তেমনই প্রতিটা বারই সমালোচনার শীর্ষে ওঠে এই মেগা শো। অনেকদিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন জাগছিল, কবে ফের পর্দায় আসবে ‘বিগ বস’ বাংলা? গত বছর জানা গিয়েছিল, দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে ফের বাংলায় আসতে চলেছে ‘বিগ বস’-এর সিজন ৩। আর সবচেয়ে বড় খবর ছিল, এই শোয়ের সঞ্চালনা করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার কথা মত হল তেমনটাই।
We’re now on WhatsApp- Click to join
‘বিগ বস’ বাংলার সঞ্চালক রূপে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই, এই খবর চাউর হওয়ার পর থেকেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরছে দর্শকদের মনে। এই নিয়ে ছড়াচ্ছে নানা জল্পনা এবং গুঞ্জনও। এক হচ্ছে, ‘বিগ বস’-র এই নতুন সিজনে প্রতিযোগী হিসাবে কারা থাকবে? আর দুই হল, কবে থেকে এই শোটি সম্প্রচার হবে?
We’re now on Telegram- Click to join
শুক্রবার অর্থাৎ ৬ই মার্চ ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতেই ‘বিগ বস বাংলা’-র করা হল আনুষ্ঠানিক ঘোষণা। সেই সঙ্গেই এদিন লেজার শোয়ের মাধ্যমে প্রকাশ্যে এসেছে ‘বিগ বস বাংলা’-র লোগো। এই নন-ফিকশন শো প্রযোজনার দায়িত্বভার রয়েছে এন্ডেমলশাইন ইন্ডিয়া। বাংলার দর্শকদের কথা মাথায় রেখে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের ফরম্যাটকে নতুন আঙ্গিকে এবার তুলে ধরা হবে।
গতকাল সন্ধ্যায় সেজে উঠেছিল ইডেন গার্ডেন্স। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছিল আলোর ঝলকানি, আতসবাজির মাঝেই উপস্থিত ছিলেন সকলের প্রিয় ‘মহারাজ’ সৌরভ। জানা গেল, আগামী সেপ্টেম্বর মাস থেকেই পর্দায় সম্প্রচার হবে ‘বিগ বস বাংলা’-র। ৬ মাস ধরে চলবে। এবছর জুলাই মাস থেকেই হবে শ্যুটিং শুরু। প্রতিযোগী হিসাবে আসবেন বিভিন্ন ক্ষেত্রের তারকারাই। সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “আমি আমার জীবনে প্রচুর চাপ এবং প্রত্যাশা দেখেছি। এর আগেও অনেক কিছু সঞ্চালনা করেছি আমি। তবে এরকম শো এবার এই প্রথমবার। এটা একটা বড় চ্যালেঞ্জও বটে। তবে আমি অভ্যস্ত চ্যালেঞ্জ নিতে। তাই আর ভয় পাচ্ছি না। আমার সব রকমই চেষ্টা করব এই শো সফল করার জন্য। রিহার্সাল হবে আশা করি। কারণ আগে তো কখনওই করিনি। আমার জন্য কোনও কাজই ছোট না। সেটা অনূর্ধ্ব ১৮ হোক বা ভারতের জন্য খেলাই হোক, কিংবা বিগ বস-এর সঞ্চালনা।”
তিনি এদিন আরও বললেন, “বিগ বস এমন একটা ফরম্যাট যেখানে রয়েছে শক্তিশালী ব্যক্তিত্ব, স্পষ্ট মতামত আর আকর্ষণীয় কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ—যা বাংলার সাংস্কৃতিক পরিসরের সাথেও গভীরভাবে যুক্ত। স্টার জলসার সাথে এই উদ্যোগে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমরা চাই ‘বিগ বস বাংলা’ এমনভাবে দর্শকদের সামনে উঠে আসুক, যাতে বাংলার অনুভূতি, আবেগ এবং স্বতন্ত্র পরিচয় প্রতিফলিত হয়। এই মেগা শো আলোচনার জন্ম দেবে, ব্যক্তিত্বের বৈচিত্র্যকে উদযাপন করবে আর দর্শকদেরকে টানটান আগ্রহে বেঁধে রাখবে।”
উল্লেখ্য, এবার জলসার পর্দায় সঞ্চালক রূপে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পরবর্তী চার বছর তিনি একই চ্যানেলে দুটো শো সামলাবেন। ‘বিগ বস’ ছাড়াও তিনি সঞ্চালনা করবেন ‘দাদাগিরি’ মতো অন্য একটি নন-ফিকশন শোয়ের। স্টারের সাথে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগামী ৪ বছরের জন্য চুক্তি হয়েছে ১২৫ কোটি টাকার।
প্রসঙ্গত, ২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় প্রথম দেখা গিয়েছিল ‘বিগ বস’ বাংলার। এই সিজনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী আর বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলায় দেখা গিয়েছিল ‘বিগ বস’ বাংলার দ্বিতীয় সিজন আর এই সিজনের সঞ্চালনা করেছিলেন জিৎ, এবং সেই সিজনের বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







