Bangla News

India-Bangladesh Relation: তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মোদী, পরিবর্তে ভারতের তরফে কাকে পাঠানো হচ্ছে?

তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রবিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত।

India-Bangladesh Relation: তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি ঢাকায় যাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা

হাইলাইটস:

  • মঙ্গলবার ঢাকায় শপথগ্রহণ করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা

India-Bangladesh Relation: আগামীকাল অর্থাৎ ১৭ই ফেব্রুয়ারি, মঙ্গলবার শপথগ্রহণ করবেন খালেদা জিয়া-জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান (Tarique Rahman)। ওই দিনই শপথ নেবে নতুন মন্ত্রিসভাও। তাই সেই শপথগ্রহণ অনুষ্ঠানকে মাথায় রেখে ইতিমধ্যে বিশ্বজুড়ে আমন্ত্রণ পাঠানো শুরু করে দিয়েছে ঢাকা। বিএনপির তরফে আগেই জানানো হয়েছিল, ভারতের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে।

We’re now on WhatsApp – Click to join

তবে এখন জানা যাচ্ছে, তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রবিবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। তাতে স্পষ্ট লেখা রয়েছে, মঙ্গলবার আয়োজিত তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে ঢাকায় উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ভারত-বাংলাদেশের সম্পর্ক আজকের নয়। দুই দেশের অতীত-বর্তমান-ভবিষ্যৎ সংস্কৃতি সবটাই পারস্পরিক ভাবে সম্পর্কিত। তাই বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারকেও ভারত স্বাগত জানাচ্ছে। সেখানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উপস্থিতি কূটনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই দেশের আত্মীকতাও বৃদ্ধি করবে।

১৭ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে দেশে ফিরে বিপুল জনসমর্থন পেয়ে আগামীকাল শপথপাঠ করবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ আসে ভারতের কাছে। কিন্তু তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিতে না পারায় ঢাকায় যাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

কিন্তু কেন যেতে পারবেন না প্রধানমন্ত্রী, তবে কি কূটনৈতিক স্তরে কোনও ফাঁক থেকে যাচ্ছে? নয়াদিল্লি সূত্রে খবর, মঙ্গলবার মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগে থেকেই বৈঠক করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তাই ওই একই দিনে ঢাকায় উড়ে যাওয়া সম্ভব নয়।

Read more:- এপার বাংলা থেকে ফুল-মিষ্টি গেল ওপার বাংলায়, তারেককে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ। যার মধ্যে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান এবং চিনের নাম। ইসলামাবাদের তরফে এই অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত থাকতে পারেন বলেই জানা গেছে। তবে নিজেদের প্রতিনিধির নাম এখনও পর্যন্ত ঘোষণা করেনি বেজিং।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button